
নিউজ ডেস্ক:
প্রেমিক বিয়ে করায় ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন হালিমা বেগম নামে এক স্কুলছাত্রী।
শনিবার বিকেলে সাড়ে ৩টার দিকে কক্সবাজারের পেকুয়ায় এ ঘটনা ঘটে।
মৃত হালিমা উপজেলার উজানটিয়া ইউপির নতুন ঘোনা এলাকার আলী আকবরের মেয়ে ও সোনালী ইউএম কিন্ডারগার্ডেন স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, রিদুয়ান নামে এক ছেলের সঙ্গে কিশোরী হালিমার প্রেমের সম্পর্ক ছিল। গত এক সপ্তাহ আগে গোপনে প্রেমিক অন্য এক মেয়েকে বিয়ে করেন। শনিবার বিকেলে প্রেমিকের বিয়ের খবরে ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেন কিশোরী। বিকেল সাড়ে ৪টার দিকে পেকুয়া হাসপাতালে কিশোরীকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, তিনদিন আগে একই ইউপির ডান্ডার পাড়ার মোজাম্মেলের ছেলে জিয়াউর রহমান নামে এক কিশোর আত্মহত্যা করে। প্রেমে ব্যর্থ হওয়ায় তিনিও আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, কিশোরীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।