মোটরসাইকেলের তেলের টাংকিতে মিলল ৭৫ লাখ টাকার ইয়াবা

অনলাইন ডেস্ক:

কক্সবাজারের রামুতে মোটরসাইকেলের তেলের টাংকিতে তল্লাশি চালিয়ে  ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মনজুরুল আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রামু ফুটবল চত্বর (ব্রিজের নিচে) এলাকায় এ অভিযান চালানো হয়।

মনজুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়ার ৬ নম্বর ওয়ার্ডের ছোটো ডেমশার ফউজুল কবিরের ছেলে। মোটরসাইকেল নিয়ে সে কক্সবাজার শহরের লিংক রোড হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন , আমাদের কাছে সংবাদ আসে যে , একজন ব্যক্তি মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে যাচ্ছে। সেই তথ্যের সূত্র ধরে রামু ফুটবল চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযানে মনজুরুল আলম নামে ব্যক্তিকে আটক করি। জিজ্ঞাসাবাদে সে ইয়াবা থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেলের তেলের টাংকি তল্লাশি করা হয়। সে নিজেই একটা একটা করে মোট ৪০টি প্যাকেট বের করে। প্রতিটি প্যাকেটে ৬২৫টি করে মোট ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

তিনি আরো বলেন, আমরা সবাই মিলে সুকৌশলে মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসা করলে জানায়, ১০ হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুলো চট্টগ্রামে পৌঁছে দিচ্ছিল। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply