মিঠাপুকুরে আরো এক চিকিৎসক করোনায় আক্রান্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন, ৬ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে, ২০ জনের নমুনা সংগ্রহ –

মো: শামীম আখতার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো একজন চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ায় আজ রবিবার (১৯ এপ্রিল) সন্ধায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ঘোষনা করা হয়েছে। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ চিকিৎসককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি সভায় উপস্থিত থাকা ইউএনও, স্বাস্থ্য ও প.প কর্মকর্তাসহ ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত দুই চিকিৎসককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

আজ রবিবার রংপুর মেডিক্যাল কলেজের করোনা টেস্ট ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা থেকে নতুন আরও ৩ জনকে করোনায় আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে গাইবান্ধার সাঘাটায় ১ জন, দিনাজপুরের ঘোড়াঘাটে ১ জন এবং রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ চিকিৎসক রয়েছে।

শনি ও রবিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা সংগ্রহ করা হলে তাদের মধ্যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) আহসান কবির রনি জানান, এ ঘটনায় মোট ৬ জন চিকিৎসককে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদিকে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুর-উন-নবী লাইজু জানান, গত ২ এপ্রিল রংপুর মেডিক্যাল কলেজে পিসিআর মেশিন স্থাপিত ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা সনাক্ত হওয়া ওই দুই চিকিৎসকের একজন স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ স্বাস্থ্য কর্মকর্তা (এমওডিসি) ও অপরজন আরএমও’র স্ত্রী। আক্রান্ত দুই চিকিৎসককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. আবদুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের সব চিকিৎসক-নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘সম্প্রতি করোনাভাইরাস নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনাসভার আয়োজন করা হয়। সেখানে আক্রান্ত ওই চিকিৎসক উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকা উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুঁইয়া, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আবদুল হাকিমসহ ২০ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকা আরও মানুষজনের নমুনা সংগ্রহ করা হবে।

স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকের করোনা পজেটিভ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষনা করা হয়েছে বলে জানান তিনি’।

এম২৪নিউজ/আখতার।