
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপ পৃথক পৃথক ভাবে র্যালী, কেককাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পন শেষে বেগম রোকেয়া অডিটরিয়ামে কেক কেটে আলোচনা সভা করেছে। উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
বিকেলে উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপ পৃথক কর্মসূচী পালন করে। ঢাকা-রংপুর মহাসড়কে র্যালী শেষে বাসস্ট্যান্ড ওভারপাসে এমপি গ্রুপ আলোচনা সভার আয়োজন করে। সেখানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমপি পুত্র রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা আনোয়ার সাদাত লেমন, যুবলীগ নেতা মোন্নাফ হোসেন প্রমুখ।
অপরদিকে, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন সরকারের নেতৃত্বে ঢাকা-রংপুর মহাসড়কে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগম রোকেয়া অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
আওয়ামী লীগ নেতা মাহবুবার রহমান লাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন প্রমুখ।
এম২৪নিউজ/আখতার