
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরে বসতবাড়ি উচ্ছেদের ফলে ৫টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। তারা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের ভিটেহীন করার প্রতিবাদে মানবন্ধন করেছে ক্ষতিগ্রস্থ্যরা। বুধবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কে শঠিবাড়ী বন্দরের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় আধা ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচীতে ক্ষতিগ্রস্থ্য সেকেন্দার মন্ডলের নেতৃত্বে ৫টি পরিবারের সাথে আশপাশের শতশত নারী-পুরুষও অংশ নেয়। মানববন্ধনকারীরা দিনমজুর পরিবারের জমির অবৈধভাবে দখলদার আব্দুল ওয়াহেদ সুমনের বিরুদ্ধে স্লোগান দেয়।
মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্থ্য পরিবারের প্রধান সেকেন্দার মন্ডল অভিযোগ করে সাংবাদিকদের কাছে বলেন, পেশায় তিনি একজন দিনমজুর। ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ১৯৬৫ সালে তিনি গফুর মন্ডল, হেসাব মিয়া ও আলেফ সরকারের কাছে সাড়ে ২২ শতক জমি কিনে নেন। এরপর সেই সম্পত্তি ভোগদখল করে আসছেন। এরই মধ্যে প্রতিবেশি প্রভাবশালী আব্দুল ওয়াহেদ সুমন সেই সম্পত্তি নিজের বলে দাবি করেন। তিনি একের পর এক সেকেন্দার মন্ডলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আসছেন। কয়েক বছর আগে সাড়ে ১৫ শতক জমি জোরপূর্বক দখল করে নেন। অবশিষ্ট সাড়ে ৬ শতক জমিতে সেকেন্দার মন্ডল ও তার ৩ ছেলে বসতবাড়ি নির্মাণ করে বাস করে আসছেন। এই বসতবাড়িও অন্যায়ভাবে দাবি করেন প্রভাবশালী ওয়াহেদ সুমন। আদালতে মামলা ঠুকে দেন।
সেকেন্দার মন্ডল আরও বলেন, মঙ্গলবার হঠাৎ করে পুলিশ প্রশাসন এসে বসতবাড়ির ৫টি থাকার ঘর, ২টি রান্নাঘর ও একটি গোয়ালঘর গুঁড়িয়ে দেয়। মুহুর্তেই মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায় সেকেন্দার মন্ডলের। বসতভিটে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তিনি। বর্তমানে স্ত্রী, সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
মানববন্ধনে অংশ নেওয়া জাহিদুল ইসলাম, খলিল মন্ডল, হারুন, হাবিল, মাহবুব, আনসারুল, মনোয়ারা বেগম, মোহসীনা ও রেখা বেগমসহ অনেকেই সেকেন্দার মন্ডলের অভিযোগের সাথে একমত পোষন করেন। এবং তার পরিবারের পাশে সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন।
তারা বলেন, আব্দুল ওয়াহেদ সুমন একজন অত্যাচারী, জমি দখলকারী ব্যক্তি। অসহায় মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছেন। তার অন্যায় ও অত্যাচারের বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুল ওয়াহেদ সুমন বলেন, দীর্ঘদিন মামলা চলার পর আদালতের রায়ের প্রেক্ষিতে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। তারা আদালতের রায়কে অমান্য করে আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে।
এম২৪নিউজ/আখতার
