মিঠাপুকুরে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুর, নিরব ভূমিকায় থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলা সদরের একটি হোটেলে সন্ত্রাসী হামলা ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা হোটেলের খাবার ও আসবাবপত্র তচনচ করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোন প্রতিকার পাননি ওই ব্যবসায়ী। সন্ত্রাসীদের হুমকীতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগ ও ভুক্তভোগী ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে, উপজেলা সদরের বাজারে জিলাপি, বুন্দিয়া, খুরমাসহ বিভিন্ন মিষ্টি দ্রব্যের হোটেল দিয়েছেন দুলহাপুর গ্রামের হাসেম আলীর ছেলে হাফিজুর রহমান নামে এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি সেখানে ব্যবসা করে আসছেন। ওই দোকানের জায়গা অবৈধভাবে মালিকানা দাবি করে আসছেন হোসেন আলী, আমিনুর, আরিফুল, রহমানসহ কয়েকজন। তারা ব্যবসা প্রতিষ্ঠানটি বেদখলের চেষ্টা করে আসছে।

গত বুধবার রাতে আমিনুর, আরিফুলের নেতৃত্বে কয়েকজন উশৃঙ্খল ব্যক্তি লাঠিসোটাসহ দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হাফিজুরের হোটেলে হামলা চালায়। এসময় তারা হোটেলের খাবার ফেলে দেয়, আসবাবপত্র ও চুলা ভেঙ্গে ফেলে। এর আগেও তারা হোটেলের সামনে বালু এনে রাখে। গত ২৬ অক্টোবর সন্ত্রাসী হামলা করেছিল। অভিযুক্তদের বিরুদ্ধে হাফিজুর রহমান মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। কিন্তু, পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি। এ কারণে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। গত বুধবার রাতে তারা আবারও হোটেলে হামলা চালায়।

এ ব্যাপারে তদন্তকারী অফিসার মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়ভাবে মিমামংসার চেষ্টা হয়েছে। কিন্তু হয়নি। নতুনভাবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

এম২৪নিউজ/আখতার