
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে শিলাবৃষ্টিতে বোরো ও ভূট্টাক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া পাঁচ শতাধিক বসতঘরের টিনের চালা ফুটো হয়ে গেছে।

বুধবার রাতে প্রায় ঘণ্টাব্যাপি শিলাবৃষ্টি ও কালবৈশাখীর ঝড় বয়ে যায় উপজেলার ১০টি ইউপির ওপর দিয়ে।
জানা যায়, বুধবার রাতে উপজেলার দুর্গাপুর, লতিবপুর, পায়রাবন্দ, ভাংনী, বালারহাট, মির্জাপুর, ইমাদপুর, চেংমারী, ময়েনপুর, খোড়াগাছ ও রাণীপুকুর ইউপির ওপর দিয়ে ব্যাপকভাবে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর ঝড় হয়। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বড় বড় শিলাবৃষ্টিতে উপজেলার পাঁচ শতাধিক বসতঘরের টিনের চালা ফুটো হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্গাপুর ইউপির কাঁঠালী নয়াপাড়া গ্রামের আতাউর, আতোয়ার, গোলাপ, জলিল, সেফাউল, রাসেল মিয়া, মওলা, আনারুলসহ আশপাশের অন্তত শতাধিক বসতঘরের টিনের চালা ফুটো হয়ে গেছে।
ওই গ্রামের বদিউজ্জামান পাতু বলেন, শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত বাড়িতে লোকজন মানবেতর জীবন যাপন করছেন। সরকারের তরফ থেকে এসব পরিবারকে সহায়তা দেয়া দরকার।
উপজেলা ত্রাণ ও পুর্ণবাসন অফিসার মোশফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ৪টি ইউনিয়নে শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হওয়ার খবর পেয়েছি। তথ্য সংগ্রহ চলছে। সব ইউপির ক্ষয়ক্ষতির তথ্য হাতে আসার পর মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠানো হবে।
উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন বলেন, শিলাবৃষ্টিতে বোরো ধান, ভূট্টা ও হাঁড়িভাঙা আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কৃষি বিভাগ।
এম২৪নিউজ/আখতার
