
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের হাজীপাড়া গ্রামে বসতঘরের ভিতর থেকে নুরুন্নাহার (৩৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়রা বলছেন, স্বামী একজন মাদকসেবী। পারিবারিক কলহের জেরে হত্যার শিকার হয়েছেন ওই গৃহবধু। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী নজরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। পরে বাকবিতন্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উঠেন স্বামী নজরুল ইসলাম এবং হত্যার শিকার হয় স্ত্রী নুরুন্নাহার বেগম। ঘটনার পর ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যায় নজরুল ইসলাম।
পরে নজরুল ইসলামের মা ঘরের দরজা খুলে তার ছেলের স্ত্রীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে রবিবার সকাল ৮টার দিকে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মিঠাপুকুর থানার ওসি এরশাদুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এম২৪নিউজ/আখতার