
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (২২) নামে এক যুবক আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি রাসেল মিয়ার অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা তাঁর ওপর এ হামলা চালিয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের নুরপুর পাইকাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাসেল মিয়া ওই গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১ টার দিকে মাদক (হিরোইন) বিক্রি করার সময় বাধা দেয় স্থানীয় রাসেল মিয়া নামে এক যুবক। এসময় ওই মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন রাসেল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
স্থানীয় ইউপি সদস্য ফারুক-আল মোজাহিদ বলেন, নুরপুর গ্রামকে মাদকমুক্ত রাখতে উদ্যোগ নেয় স্থানীয়রা। সাবেক ওসি মোস্তাফিজার রহমানের উপস্থিতিতে গ্রামে একটি মাদকবিরোধী সভা করা হয়। সেই সভায় প্রকাশ্যে আর কোনদিন মাদক বিক্রি করবে না বলে কথাও দিয়েছিল মাদক কারবারি জুয়েল বাবু ঝন্টু। কিন্তু সে বিভিন্ন কৌশলে আবার মাদক ব্যবসা শুরু করে। আজ (রবিবার) সকালে এক যুবকের কাছে হিরোইন বিক্রির সময় মাদকবিরোধী কমিটির সদস্য রাসেল বাধা দিলে তার উপর হামলা চালানো হয়। বিষয়টি খুবই দুঃখজনক।
হাসপাতালে চিকিৎসাধীন হামলার শিকার রাসেল মিয়া বলেন, সকালে গ্রামের মোড়ে আসলে দেখতে পাই জুয়েল বাবু ঝন্টু একজনকে হিরোইন দিচ্ছে। তাৎক্ষনিকভাবে গ্রামের দুজনকে ডাক দেই। এসময় মাদক ক্রেতা লিটনের কাছে মাদকের বিষয়ে জানতে চাইলে মাদক ব্যবসায়ী জুয়েল বাবু ঝন্টু তার স্ত্রী লিমা বেগম ও তাদের সহযোগী আলতাব, জরিনা ও আজবানু বেগম দৌড়ে এসে মারপিট শুরু করে। আমি কোনকিছু বুঝে উঠার আগেই মাদক ব্যবসায়ী জুয়েল বাবু ঝন্টু তার হাতে থাকা ছুরি দিয়ে আমার মাথায় কোপ মারলে মাটিতে পড়ে যাই। পরে গ্রামবাসীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা লোতফার রহমান ও গোলাম সরওয়ার বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলতে গেলে যদি হামলার শিকার হতে হয় তবে নিরাপত্তা কোথায়। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কি প্রশাসনের কিছুই করার নেই। এর আগে জুয়েল বাবু ঝন্টু ও তার স্ত্রী লিমা বেগম মাদকসহ আটক হয়েছিল জামিনে বেরিয়ে এসে তারা আবারও তাদের মাদক ব্যবসা করছে কিন্তু প্রশাসন কিছুই করতে পারছে না। আমরা মাদকমুক্ত সমাজ চাই।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আহত যুবকের খোঁজখবর নেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হবে। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করছে।
এম২৪নিউজ/আখতার