মিঠাপুকুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুরে আব্দুল্যাহ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মিয়ারহাট বাজার মসজিদ সংলগ্ন শ্বশুর পরিবারের একটি ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ জানায়, উপজেলার ইমাদপুর ইউনিয়নের তেতুলিয়া ফরিদপুর গ্রামের মোঃ নুরুন্নবী মিয়ার ছেলে মোঃ আব্দুল্যাহ বুজরুক মহদীপুর গ্রামে শ্বশুর বাড়িতে বাস করতেন। শনিবার সন্ধ্যায় মিয়ারহাট বাজারে মসজিদ সংলগ্ন একটি ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়।

মিঠাপুকুর থানার উপ-পুলিশ পরিদর্শক এরশাদ জানান, আব্দুল্যাহ আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। কারণ শরীরে কোন রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং পরিবারের পক্ষে কেউ অভিযোগ করেননি। তবুও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মরদেহের ময়না তদন্ত করা হবে।

এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply