
নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে ঘাঘট নদী থেকে দেলোয়ার হোসেন দিলশাদ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাছ শিকারের সময় হারিয়ে যাওয়া বড়শি খুঁজতে গিয়ে নদীতে তলিয়ে তার মৃত্যু হয়।
নিহত দিলশাদ ভাংনি ইউনিয়নের বেতগাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় শঠিবাড়ী ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বড়শি দিয়ে মাছ ধরতে ঘাঘট নদীতে নামে দিলশাদ। এ সময় পানিতে হারিয়ে যাওয়া বড়শি খুঁজতে নদীতে ডুব দেয় সে। ডুব দেওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। দমকল বাহিনীর একটি ডুবুরিদল দিলশাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
শঠিবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অধিনায়ক কাজল মিয়া বলেন, ডুবুরিদল নদী থেকে দিলশাদকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
M24news/এসএ