
নিউজ ডেস্ক:
ডিএমপি ঢাকার মিরপুর মডেল থানার পিছনে ৬০ ফিট রাস্তা পাকা মসজিদ নামক এলাকায় পরিবারের সাথে বসবাস করত কাওসার মিয়া (১১) নামের এক ছেলে। তার মা মানুষের বাড়িতে ঝি এর কাজ করে এবং বাবা লেগুনা চালায় মিরপুরে। দুই ভাই বোনের মধ্যে সে বড়। গত ১৮ মার্চ পথভ্রষ্ট হয়ে কাওসার মিয়া পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের ডাসারপাড়া নামক স্হানে চলে আসে।
৯৯৯ হতে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাওসারকে উদ্ধার করে থানা হেফাজতে নারী ও শিশু হেল্প ডেস্কে নিয়ে আসে। সে মিরপুর ২ নং ছাড়া আর কিছুই বলতে পারছিল না। শুধুই কান্না করছিল আর বাসায় যেতে চাচ্ছিল।
অসহায় শিশুটিকে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিতে মাঠে নেমে পড়ে পীরগঞ্জ থানা পুলিশ।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জের Whatsapp এ কাওসারের ছবি প্রেরণ করা হয়। অবশেষে ২৪ ঘন্টা পর তার বাবা মাকে খুঁজে পায় মিরপুর মডেল থানা পুলিশ।
এরপর তার বাবা চলে আসে রংপুরের পীরগঞ্জে। পীরগঞ্জ থানা পুলিশ বাচ্চাটিকে হাসি মাখা মুখে আজ শুক্রবার (১৯ মার্চ) তার বাবার নিকট ফিরিয়ে দেয়।
বাবা তার সন্তানকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং সে সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বাবা তার কোলের ধন ফেরত পেয়ে ধন্যবাদ জানায় পীরগঞ্জ থানা পুলিশকে।
এম২৪নিউজ/আখতার