প্রেমের টানে ভারত থেকে পালিয়ে রংপুরে, তরুণীসহ আটক ৩

নিউজ ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পরিচয়ে ভালোবাসার টানে ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসা প্রীতি পন্ডিত (১৭) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কথিত প্রেমিক ও অপর এক সহযোগীকেও আটক করা হয়।

আজ রবিবার দুপুরে তাদের রংপুর আদালতে হাজির করা হয়। এর আগে শনিবার দুপুরে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া গ্রামের লতিফুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

তারা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মন্টু পন্ডিতের মেয়ে প্রীতি পন্ডিত, রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে মিলন ও একই গ্রামের বাবলু মিয়ার ছেলে হাবিবুর রহমান।

পুলিশ জানায়, মিলনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় প্রীতি পন্ডিতের। এক পর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের গভীর সম্পর্ক। সেই ভালোবাসার মোহে গত ২৪ জুন ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে প্রীতি পন্ডিত। গত কয়েকদিন ধরে প্রীতি সদ্যপুস্করণী ইউনিয়নের পালিচড়া ফাজিল খা গ্রামে মিলনের বাড়িতে অবস্থান করছিল। খবর পেয়ে শনিবার দুপুরে অভিযানে নামে পুলিশ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় তারা। পরে প্রীতি, মিলন ও তার সহযোগী হাবিবুরকে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া গ্রাম থেকে আটক করা হয়।

রংপুর সদর কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ‘মানবপাচার আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের তিনজনকে আদালতে পাঠানো হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply