বদরগঞ্জে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে বিবস্ত্র করে মারপিট

নিউজ ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে বিবস্ত্র করে পেটানোর অভিযোগ উঠেছে আমিরুল ইসলাম নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এসময় ওই গৃহবধূর স্কুলপড়ুয়া মেয়ে এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করা হয়।

বুধবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এঘটনার পর চিকিৎসাধীন মা-মেয়ে তাদের ওপর নির্যাতনের বর্ণনা দেন।

রোববার (২১ মার্চ) রংপুরের বদরগঞ্জের উত্তর বাওচন্ডি খিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আমিরুল ইসলাম ওই গ্রামের আবুল ফজলের ছেলে।

প্রতিবেশী ওই মহিলা ও তার পরিবারের অভিযোগ, প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো আমিরুল ইসলাম।

গত রোববার দুপুরে ঘরের পাশে কাজ করতে গেলে একা পেয়ে আমিরুল তাকে আবারও কু-প্রস্তাব দেয়। এদিন সে ক্ষিপ্ত হয়ে গালাগাল করলে তাকে জোড় করে নিজের ঘরের দিকে নিয়ে যায়। এসময় তার পরনের শাড়ি খুলে এবং অন্যান্য কাপড় ছিঁড়ে ফেলে মারপিট করেন।

মায়ের চিৎকার শুনে ঘরে ঘুমিয়ে থাকা গৃহবধূর মেয়ে মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে লম্পট আমিরুল। মা-মেয়ের রক্তাক্ত অবস্থা দেখে আমিরুল পালিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে মা-মেয়ে ভর্তি হন।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি অবগত হয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে আশেপাশের লোকজনের কাছে বিষয়টি অবগত হন।

তিনি জানান, ওই গৃহবধূ সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে। মামলা দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply