
রংপুর অফিস:
রংপুরের হারাগাছ রোডের সাহেবগঞ্জে বধ্যভূমি সংস্কার করতে গিয়ে মিলল মানুষের হাড়, মাথার খুলি ও দাঁতের অংশ বিশেষ।
মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে ওই বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের জন্য শ্রমিকরা মাটি খুঁড়লে এসব বেরিয়ে আসে বধ্যভূমির সঠিক এলাকা।
শ্রমিকরা জানান, বধ্যভূমির উপরিভাগ খোঁড়ার পর একটু নিচে যেতেই মুক্তিযুদ্ধকালীন নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া মানুষের হাড়গোড়, পুরোনো কাপড়, মাথার খুলি পাওয়া যায়।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, আজ থেকে ৫০ বছর পূর্বে পাক বাহিনী ২২ জন ইপিআর সদস্যকে ধরে আনে। এদের মধ্য থেকে ভাগ্যক্রমে তিনজন পালিয়ে যান। বাকি ১৯ জনকে নৃশংসভাবে হত্যাকরে এখানে ফেলে রেখে যায় পাক বাহিনী। সেদিন চাইলেও দেহগুলো কবর বা সৎকার করতে পারেনি গ্রামবাসী। অঝোর ধারার বৃষ্টিতে ধোয়া লাশগুলো এক জায়গায় মাটিচাপা দেন এলাকার তরুণরা। সেখান থেকেই আজ উঠে এল এই হাড়গুলো।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবুল বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে গণহত্যার স্বাক্ষী হিসেবে দেশব্যাপী বধ্যভূমিগুলো সংস্কারের কাজ করছে সরকার। তারই অংশ হিসেবে সাহেবগঞ্জের এই বধ্যভূমির কাজ করতে গিয়ে গতকাল (মঙ্গলবার) পাওয়া গেল মানুষের হাড়, মাথার খুলি ও দাঁতের অংশ বিশেষ, পড়নের কাপড়।’
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে নগরীর টাউন হলের বধ্যভূমি সংস্কারের কাজ করতে গিয়েও পাওয়া গিয়েছিল মানুষের দেহাবশেষ।
এম২৪নিউজ/আখতার