
রংপুর অফিস:
রংপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় যুবদল নেতা তহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার দুপুরে নব্দীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।তহিদুল ইসলাম পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ আসামি তহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের বাসিন্দা অজিত উল্লাহর ছেলে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে তার ফেসবুক আইডিতে একটি আপত্তিকর পোস্ট দেন। এঘটনায় ওই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মঙ্গলবার সকালে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ যুবদল নেতা তহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
রংপুরের মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মামলা দায়েরের পরপরই নব্দীগঞ্জ এলাকা থেকে আসামি তহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারের পরেই তাকে আদালতে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার