
রংপুর অফিস:
রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটিএম গোলাম মোস্তফা বাবুকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে। গত সোমবার রাতে রংপুর নগরীতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে হাতপাখা প্রতীকের প্রার্থী ঘোষণা দেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। চলতি বছরের ডিসেম্বরে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন হবার কথা রয়েছে। এ নির্বাচনের জন্য প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নগরীতে নির্বাচনী প্রচারণা শুরু করেছে আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা।
এবার তৃতীয় বারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মনোনীত প্রার্থী ঘোষণা করে মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে এখন হাতপাখার ছায়াতলে শান্তি কামী মানুষের আস্থা বেড়েছে। গত নির্বাচনে রংপুর সিটিতে ২৪ হাজারের বেশি ভোট পেয়েছিল ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী। আমাদের বিশ্বাস অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে রংপুরে হাতপাখার বিজয়ী হবে।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বেলায়েত হোসেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর, জেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়াদপূর্তি হতে আরও পাঁচ মাস বাকী।এখনই শুরু হয়েছে নির্বাচনের ক্ষণগণনা। নগরী জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণাসহ সভা-সমাবেশ শুরু করেছেন। কেউ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, পোস্টার ও স্টিকার লাগিয়ে নিজেদের প্রার্থিতার কথা প্রকাশ করছেন।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট থেকে। সর্বশেষ এই সিটিতে নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর। নির্বাচিত সিটি কর্পোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রæয়ারি মাষে। সিটি কর্পোরেশনের মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রæয়ারী। সে হিসেবে রংপুর সিটি র্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির মধ্যে।
রংপুর পৌরসভা থেকে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি কর্পোরেশন গঠন হয় ২০১২ সালের ২৮ জুন। প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ সালের ২০ ডিসেম্বর। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টু প্রথম নির্বাচিত হন।রংপুর সিটি কর্পোরেশনের জনসংখ্যা প্রায় ১০ লাখ। ভোটার রয়েছে চার লাখের বেশি। ২০১৭ সালের দ্বিতীয় নির্বাচনের সময় ভোটার ছিল ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।
রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ যদি শেষ না হয়, তবে পুরাতন ভোটার তালিকা দিয়ে ভোট হবে। এবারেও এ সিটিতে ইভিএমে ভোট গ্রহণে সব ধরনের প্রস্ততি নিচ্ছে কমিশন। আগামী ডিসেম্বরের মধ্যে এ নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে।
এম২৪নিউজ/আখতার