
রংপুর অফিস:
রংপুরে সকালে পরিবার নিয়ে ভাড়া বাসায় উঠে রাতে লিফটের গর্তে মিললো ছেলের মরদেহ। নিখোঁজের পাঁচ ঘণ্টা পর একটি বহুতল ভবনের নির্মাণাধীন লিফটের গর্ত থেকে মাহাদিন ইসলাম তামাম সরকার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে মহানগর পুলিশ।
গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন চকবাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহাদিন ইসলাম তামাম (৮) সরকার পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল শুক্রবার সকালে নির্মাণাধীন ওই বহুতল ভবনটিতে পরিবার-পরিজন নিয়ে ভাড়ায় ওঠেন মোনায়েম সরকার মানু।সন্ধ্যা ৭টার দিকে তার ৮ বছরের ছেলে মাহাদিন ইসলাম তামাম সরকার সকলের অগোচরে নিচে নামে। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। পুলিশ এসে ভবনটির নির্মাণাধীন লিফটের নিচে গর্তের পানিতে তামামের সেন্ডেল ভেসে থাকতে দেখে। সন্দেহ হলে সেই পানি অপসারণ করে সেখান থেকে রাত ১২টায় তামাম সরকারের লাশ উদ্ধার করে পুলিশ।
ইংরেজি নববর্ষ ২০২২ সাল বরণের জন্য এ সময় চক বাজারের আশেপাশে অনেক জায়গায় বিকট শব্দে মাইকে গান ও পিকনিক চলছিল। তামামের মৃত্যুর ঘটনায় সবকিছু স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজার আলি জানান, নিখোঁজ শিশুর লাশ নির্মাণাধীন লিফটের গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার শিশু তামামের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।
এম২৪নিউজ/আখতার