
নিউজ ডেস্ক:
রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনের মাদক সেবনের ভিডিও ফাঁসের পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া স্টেশনে বদলি করা হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ পরিচালক ওহিদুল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার (১৬ মার্চ) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে কামরুজ্জামান সুমনকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া স্টেশনে বদলি করা হয়।
এর আগে গত ৯ মার্চ রংপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনের ১৮ সেকেন্ডের ফেনসিডিল সেবনের একটি ভিডিও নিয়ে বার্তা২৪.কমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
১৮ সেকেন্ডের ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, রংপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনসহ কয়েকজন ফেনসিডিল সেবন করছেন। এতে ট্রাউজার ও ট্র্যাকসুট পরিহিত সুমনের কোমরে ফায়ার সার্ভিসের ওয়াকিটকিও দেখা যায়। তার সঙ্গে আরও একজনকে দেখা গেলেও মুখ দেখা না যাওয়ায় তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনকে অনেকদিন মাদক সেবনরত অবস্থায় দেখেছেন তারা। এলাকায় প্রকাশ্যেই তিনি ফেনসিডিল সেবন করতেন। বারবার নিষেধ করলেও তিনি শোনেননি। উল্টো তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযোগ দেন। তারা ওই কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এম২৪নিউজ/আখতার