
রংপুর অফিস:
রংপুর সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১১ ডিসেম্বর থেকে চার দিনব্যাপী প্রতি সপ্তাহের শনি, রোব, সোম ও মঙ্গলবার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ২৭ হাজার ৫শ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ বুধবার সকালে রসিক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন মিঞা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ১৯ হাজার ৫শ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে ২৯৭ টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির, ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বেচ্ছাসেবী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কাজে নিয়োজিত থাকবেন।
করোনা পরিস্থিতি চলমান থাকায় সকলকে মাস্ক পরিধান ও সামাজিক দুরুত্ব বজায় রাখতেও আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সামসুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ, স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার