রাঙ্গাকে ৭২ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে রংপুর বিভাগে পরিবহন ধর্মঘট

নিউজ ডেস্ক:

শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আগামী ৭২ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে গ্রেফতার না করলে রংপুর বিভাগে পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছেন রংপুর মহানগর শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ।

আজ বুধবার তৃতীয় দিনের মতো রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন রংপুর মহানগর শ্রমিকলীগ। এদিন বিকাল ৪টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর শ্রমিকলীগ সভাপতি রোস্তম আলী, রংপুর সিটিকর্পোরেশন কাউন্সিলর রহমতউল্লাহ বাবলা, শ্রমিক নেতা সিএম সাদিক, কাঞ্চন ও বিটুল। এদিকে একই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্য রংপুর। বুধবার সকাল ১১ টার দিকে নগরীর কাচারী বাজারে জাতীয় সংসদের জাতির কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন: রাঙ্গা’র শাস্তির দাবিতে মিঠাপুকুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মানববন্ধনে স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্য রংপুরের সাবেক ছাত্রনেতা ও রংপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, রংপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তুষার কান্তি মণ্ডল, সাবেক ছাত্রনেতা রংপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, বাসদ নেতা কমরেড আব্দুল কুদ্দুস, জাসদ নেতা গৌতম রায়, ওয়ার্কাস পার্টির নেতা মাজিরুল ইসলাম লিটন, শিক্ষক নেতা সাফিয়ার রহমান, ডাঃ সৈয়দ মামুনার রশীদ, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দেবদাস ঘোষ দেবু, সাবেক ছাত্রনেতা নওশাদ রশীদ, এডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম, ওবায়দুর রহমান ময়না, মোস্তফা, সাংবাদিক নেতা রফিক সরকার ও আবেদুল হাফিজ। মানববন্ধন পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা শহীদুর ইসলাম খুররম।

আরও পড়ুন: মিঠাপুকুরে রাঙ্গা’র শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মানববন্ধনে বক্তারা বলেন, জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শহীদ নুর হোসেনকে নিয়ে কটূক্তি করে শুধু নুর হোসেনের পরিবার ও গণতন্ত্রকে অপমান করেনি। অপমান করেছে রংপুর অঞ্চলের সহজ সরল মানুষকে। এই কটূক্তির জন্য শুধু বিবৃতি দিয়ে ক্ষমা চাইলে দেশের মানুষ, গণতন্ত্রীমনা মানুষ রাঙ্গাকে ক্ষমা করবে না। এজন্য জাতীয় সংসদে দাড়িয়ে ক্ষমা চাইতে হবে, দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, নুর হোসেন এর মায়ের কাছে সশরীরে গিয়ে ক্ষমা চাইতে হবে। তবেই যদি দেশের মানুষ ক্ষমা করে। জাতির কাছে দ্রুত ক্ষমা না চাইলে দূর্বার আন্দোলনের মধ্যদিয়ে কুরুচিমনা রাঙ্গাকে দমন করা হবে। রংপুরে ঢুকতে দেওয়া হবে না। রংপুরের রাজনীতি থেকে নির্বাসনে পাঠানো হবে। সেই সাথে রংপুরে রাঙ্গার সকল প্রকার কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হবে।

এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সুলতান আহমেদ বুলবুল, ফজলুর রহমান বাদল, নাজমুল ইসলাম নাজু, সাবেক ছাত্রনেতা আমিন সরকার, শফিকুল ইসলাম রাহেল, সাব্বির আহমেদ, রংপুর মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনিসহ ১৯৯০ সালের স্বৈরাচার আন্দোলনের সেই সময়ের সাবেক ছাত্র নেতারা।

সূত্র: ইত্তেফাক অনলাইন।

One thought on “রাঙ্গাকে ৭২ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে রংপুর বিভাগে পরিবহন ধর্মঘট

Comments are closed.