
নিউজ ডেস্ক:
দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় আরো তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন আশরাফুল ইসলাম শাওন, ইউএনওর বাসভবনের মালি সুলতান কবির ও শ্যামল কুমার।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের সঙ্গে মামলার প্রধান আসামির সম্পর্ক রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বুধবার রাতে ইউএনওর সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে ইউএনওকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার