‘কে দিল আমার ভোট’

অনলাইন ডেস্ক:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে ভোট দেওয়ার আগেই ভোট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভোটকেন্দ্রে ভোট দিতে না পেরে এমন অভিযোগ করেছেন নাজমুল হক নামের এক ভোটার।

আজ (২৮ নভেম্বর) রোববার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। তার ভোটার নম্বর ৬৯১। তিনি ওই এলাকার নুরুল হকের ছেলে।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমি ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছি। আসার পর শুনি যে, আমার ভোট হয়ে গেছে। তারা বলছে আপনার ভোট হয়ে গেছে। আমি বললাম কে দিল আমার ভোট, কিন্তু তারা কেউ বলতে পারছে না কে দিল আমার ভোট।’

হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রাকিবুল আদিব বলেন, ‘এখানে অন্যের ভোট কেউ দিচ্ছে না বা এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।’

প্রসঙ্গত, নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন, সদস্য পদে ৩৩১ জন এবং মহিলা সংরক্ষিত পদে ১১৫ জন নির্বাচন করছেন। সূত্র: আরটিভি অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply