গাইবান্ধায় যমুনা নদীতে ডুবে তিন বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপর ২টার দিকে সাঘাটা থানা ভবনের অদুরে যমুনা নদীতে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন সাঘাটা উপজেলার কচুয়া এলাকার সাইদুর রহমানের মেয়ে বিথি খাতুন ও রিতু খাতুন এবং রংপুর নগরের বাবুপাড়া এলাকার মৃত রানা মিয়ার মেয়ে অনামিকা সরোয়ার ওরফে ফাতেমা। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। তারা সবাই কলেজে লেখাপড়া করেন। 

সাঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ জানান, অনামিকা সরোয়ার ওরফে ফাতেমা কয়েকদিন আগে রংপর থেকে সাঘাটা উপজেলার কচুয়া এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসেন।  দুপুর ২টার দিকে বিথি, রিতু ও অনামিকা সাঘাটা থানা ভবনের অদুরে যমুনা নদীতে নৌকা করে বেড়াতে চরের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবোচরে ধাক্কা লাগলে নৌকা থেকে তিন বোন পানিতে ছিটকে পড়ে যায়।

তিনি আরো জানান, যমুনা নদীতে পানি বেড়ে যাওয়ায় পানির স্রোতে তারা ডুবে যায়। পরে নৌকার মাঝি চিৎকার করলে আশপাশের লোকজন ও মাঝিরা জাল ফেলে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে। এরপর সাঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা তিন বোনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply