
অনলাইন ডেস্ক:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। হাড়কাঁপা শীতে কাঁপছে প্রান্তিক জনপদের মানুষ। গত এক সপ্তাহ ধরে ৯ থেকে ১০ ডিগ্রি তাপমাত্রা উঠানামা করছে। টানা ২০ দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। রবিবার সকাল ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস।
ডিসেম্বর জুড়েই প্রচণ্ড শীত অনুভব হচ্ছে। বিকেল থেকেই ঠাণ্ডা বাতাস বইতে দেখা যায়। রাত গভীর হতে থাকলে বাড়তে থাকে শীতের মাত্রা। প্রত্যন্ত অঞ্চলগুলোতে বাড়ির উঠোনে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় শীতের প্রকোপ বেশি।
এদিকে হাসপাতাল, ক্লিনিকগুলোতে জ্বর-সর্দি, কাশিসহ বিভিন্ন শীতজনিত রোগীর ভিড় লক্ষ্য করা গেছে। শীতে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা থাকায় চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন।
উপজেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, এক সপ্তাহ ধরেই ১০-এর নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। রবিবার সকাল ৯টায় দেশে সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার