
অনলাইন ডেস্ক:
পুরুষের উচ্চতা, গায়ের রঙ, আর্থ-সামাজিক অবস্থান কিংবা বাহ্যিক সৌন্দর্য নয় বরং কিছু পুরুষালি গুণ আছে যেগুলো নারীকে বেশি আকর্ষণ করে এবং তারা পুরুষের প্রতি দুর্বল হয়ে যায়। নারীর হৃদয় জয় করার পুরুষালি গুণগুলো কী কী চলুন জেনে নেওয়া যাক।
খামখেয়ালিপনা নয়, ফিটফাট থাকুন
এলোমেলো চুল, আলুথালু পোশাক , ময়লা শার্টে উদাসীন পুরুষ নারীদের পছন্দ নয়। তাই নিজের যতটুকু আছে তাই দিয়ে সব সময় ফিটফাট থাকতে চেষ্টা করবেন। আপনি কতটা দীর্ঘদেহী কিংবা সুদর্শন তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আপনি কতটা সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করছেন অন্যের সামনে। তাই নারীর মন পেতে হলে সব খামখেয়ালিপনা আজই ছাড়ুন।
গম্ভীর-মনমরা নয়, হাসিখুশি থাকুন
নারীরা তাদের কাঙ্ক্ষিত পুরুষের চরিত্রে রসবোধ খুঁজেন। সবসময় গম্ভীর, মনমরা টাইপ সঙ্গী নারীদের পছন্দ নয়। প্রতিদিনের ঝুট-ঝামেলায় এমনিতেই নারীরা ত্যক্ত-বিরক্ত হয়ে থাকেন, তাই তারা রসবোধ আছে এমন পুরুষ বেশি পছন্দ করেন। সম্ভব হলে নিজে হাসুন এবং নিজের হাসিতে অন্যকেও হাসাতে চেষ্টা করুন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, ঠাট্টা-তামাশা করতে গিয়ে যেন অন্য কেউ মনে আঘাত না পায়।
রুচিশীল হোন
নামিদামি ব্র্যান্ডের পোশাক-অ্যাকসেসরিজ ব্যবহার করতে হবে এমন কোনো বিষয় নির্দিষ্ট করা নেই কোথাও। নিজের একটা স্টাইল গড়ে তুলতে হবে। সেটা আপনার সাধ ও সাধ্যের মধ্যেই। সাধারণ দোকান থেকে কেনা পোশাকে-আশাকে নিজের রুচি-পছন্দটা প্রকাশ করুন। এ সময় খেয়াল রাখবেন শারীরিক গড়ন ও গায়ের রঙের সঙ্গে পোশাকটা যেন মানানসই হয়।
নারীকে বুঝাতে হবে আপনি যত্নবান
নারীরা সবসময় ভালোবাসা চায়। তারা খুব করে চায় কেউ একজন তাকে আগলে রাখুক, যত্নে রাখুক সারাটা জীবন। তাই নারীকে বুঝাতে হবে আপনি যত্নবান। তার প্রতি যত্নটা যেন হয় জড়তাহীন, সাবলীল ও আতিশয্য বর্জিত। যেমন—রাস্তায় তার হাত ধরে হাঁটা, একসঙ্গে সূর্যাস্ত দেখা। আর মাঝেমধ্যে চোখে চোখ রেখে তাকাবেন, মিষ্টি করে একবার হাসবেন। দেখবেন সম্পর্ক কতটা মধুর। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার